৬ অক্টোবর বিয়ে হওয়ার কথা ছিল বৃষ্টির, ডেঙ্গু কেড়ে নিল নতুন জীবনের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক: ৬ অক্টোবর নতুন জীবনের স্বপ্ন নিয়ে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল বৃষ্টি ঘরামীর। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।

যার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল, শেষ বিদায়ের মুহূর্তে সেই মানুষটির হাতেই নতুন শাড়ি পরলেন বৃষ্টি। সিঁথিতে উঠল সিঁদুর। বিয়ের সাজে প্রিয় মানুষটিকে বিদায় জানানোর এই হৃদয়বিদারক দৃশ্য স্বজন ও পরিচিতজনদের চোখে জল এনে দেয়।

নতুন জীবন শুরুর মাত্র কয়েক দিন আগে বৃষ্টির চলে যাওয়া যেন মুহূর্তেই বদলে দিল একটি পরিবারের সব আনন্দ-আয়োজন। যে ঘরে বিয়ের প্রস্তুতি চলার কথা ছিল, সেখানে নেমে এসেছে শোকের ছায়া।

বৃষ্টির চলে যাওয়ায় স্বজনদের পাশাপাশি শোকাহত হয়েছেন তার প্রিয় মানুষটিও। জীবনসঙ্গী হিসেবে পাশে থাকার যে স্বপ্ন ছিল, তা পূরণ না হলেও শেষ বিদায়ের মুহূর্তে ভালোবাসার মানুষটিকে বিয়ের সাজে সাজিয়ে দেওয়ার মধ্য দিয়ে তাদের সম্পর্কের গভীরতা যেন আরও একবার প্রকাশ পেল।

বৃষ্টি ঘরামীর অকাল মৃত্যুতে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। সবাই তার আত্মার চিরশান্তি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *