কৃষিজমিতে পাওয়া গেল ‘পূর্ব পাকিস্তান’ লেখা ১২ মর্টারশেল, ৩ বোমা

টাঙ্গাইলের সখীপুরে একটি কৃষিজমিতে মাটি খুঁড়তে গিয়ে জং ধরা দুটি বাক্সে ১২টি মর্টারশেল ও তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা এসব বিস্ফোরক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া থলচালা এলাকার একটি কৃষিজমি থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক মো. আশ্রব আলী তার ছেলে শাকিলকে নিয়ে নিজের জমিতে মাটি কাটছিলেন। এ সময় মাটির নিচ থেকে লোহার তৈরি জং ধরা দুটি বাক্স দেখতে পান তাঁরা। পরে বাক্স দুটি তুলে জমির আইলে রেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার ও হেফাজতে নেয়।

 

পুলিশ জানায়, দুটি বাক্সে ছয়টি করে মোট ১২টি রকেট লঞ্চার বা মর্টারশেলসদৃশ বস্তু পাওয়া গেছে। এছাড়া গোলাকার হাতবোমাসদৃশ আরও তিনটি বস্তু উদ্ধার করা হয়। বাক্স দুটির গায়ে ইংরেজি অক্ষরে ‘East Pakistan Police Tangail’ (পূর্ব পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল) লেখা নেমপ্লেট রয়েছে।

 

স্থানীয় ইউপি সদস্য হাসান আলী জানান, উদ্ধার হওয়া সরঞ্জামগুলো বহু পুরোনো। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন বা তার আগের সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান পুলিশের ব্যবহৃত সরঞ্জাম ছিল এগুলো।

 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, কৃষিজমি থেকে জং ধরা ১২টি মর্টারশেল ও ৩টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ইউনিটের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *