গাইবান্ধায় জমির বিরোধে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক ১৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির ১৬ শতক জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ হত্যাকাণ্ড হয়।

নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফেলান উদ্দিনের ছেলে। আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ শতক জমি নিয়ে মকবুল হোসেনের সঙ্গে একই গ্রামের শাহাবুদ্দিন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে ধুবনী পুলিশ তদন্ত কেন্দ্রে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিস হলেও বিরোধের মীমাংসা হয়নি।

আজ সকালে বাড়ি ফেরার পথে মকবুল হোসেনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এতে কয়েকজন আহত হয়। তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা ও কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান। এ সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ ১৬ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা, ধারালো ছোরা ও শাবল উদ্ধার করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *