মুসলিম যুবককে জমি দিয়ে ‘চাকরি নিশ্চিত করলেন’ হিন্দু প্রতিবেশী

নিজের নামে বা বাবার কোনো স্থাবর সম্পত্তি না থাকায় চাকরি পেয়েও ভেরিফিকেশনে বাদ পড়ার ঝুঁকিতে ছিলেন মৌলভীবাজারের জুড়ীর এক মুসলিম তরুণ। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে তারা ভাড়া বাসায় বাস করছেন।

তবে তরুণটির স্বপ্নের পথে বাধা হতে দেননি প্রতিবেশী এক হিন্দু পরিবার। কোনো স্বার্থ ছাড়াই স্বপ্রণোদিত হয়ে তাকে এক শতক জমি লিখে দিয়েছেন তিনি। 

রবিবার (৪ অক্টোবর) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জুড়ি উপজেলার সাব-রেজিস্ট্রার। কিন্তু তিনি দাতা ও গ্রহীতার নাম প্রকাশ করতে চাননি।

জানা গেছে, সোনালি ব্যাংকের চাকরির নিয়োগ পরীক্ষায় ভেরিফিকেশনের সময় এই জমি সংক্রান্ত জটিলতা তৈরি হয়।

এ বিষয়ে সাব-রেজিস্ট্রার মো. মহিউদ্দিন জানান, চাকরি পাওয়া এক মুসলিম ছেলের বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি ছিল না। এতে ভেরিফিকেশনে বাদ যাবেন—এমন আশঙ্কায় মুসলিম ছেলেকে প্রতিবেশী হিন্দু ভদ্রলোক কোনো বিনিময় ছাড়াই এক শতক জমি দান করেছেন।

তিনি আরো জানান, ছেলেটির পরিবার দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে আছেন।

সমস্যার কথা জেনে প্রতিবেশী হিন্দু ভদ্রলোক স্বপ্রণোদিত হয়ে জমি দান করেছেন। এমনকি রেজিস্ট্রেশন খরচও তিনি দিয়েছেন। 

ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়রা বলছেন, চাকরির পথে একজন তরুণের বাধা দূর করতে ধর্মের ভেদাভেদ ভুলে প্রতিবেশীর পাশে দাঁড়ানোর এই ঘটনা সম্প্রীতি ও মানবিকতার উজ্জ্বল উদাহরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *