মৌলভীবাজার প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ ও কটূক্তি করার অভিযোগে মৌলভীবাজারে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাতে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মো. মামুন। তিনি নিজাম উদ্দিনের ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিও পুলিশের নজরে আসে। ওই ভিডিওতে মামুনকে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দিতে দেখা যায় বলে দাবি পুলিশের।
ভিডিওটি নজরে আসার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে ভিডিওটির সম্পূর্ণ প্রেক্ষাপট, বক্তব্যের উদ্দেশ্য এবং অভিযোগের আইনগত ভিত্তি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।