ধানক্ষেত থেকে ১৭ বছর বয়সী প্রশান্ত রায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেতে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে স্থানীয় এক নারী মরদেহটি দেখতে পান। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানালে স্থানীয় ইউপি সদস্য যতীন্দ্রনাথ বীরগঞ্জ থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত প্রশান্ত রায় বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে।

নিহতের বাবা রমেশ চন্দ্র রায় জানান, প্রায় এক সপ্তাহ আগে প্রশান্ত হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার দুপুরে খবর পেয়ে পার্শ্ববর্তী গ্রামের ধানক্ষেতে গিয়ে তিনি ছেলের মরদেহ শনাক্ত করেন।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে মামলা করা হয়েছে।

প্রশান্তের মৃত্যুর কারণ এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *