স্বর্ণের ভরি ছাড়াতে পারে ৩ লাখ ২৩ হাজার টাকা: জেপি মরগ্যান

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২০২৭ সালের শেষ নাগাদ নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগ্যান। প্রতিষ্ঠানটির পূর্বাভাস সত্যি হলে, ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৭৭ হাজার টাকা হতে পারে। সে হিসাবে প্রতি ভরির দাম দাঁড়াতে পারে প্রায় ৩ লাখ ২৩ হাজার টাকা।

ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্টের ২৭ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, জেপি মরগ্যান ২০২৬ সালের শেষ নাগাদ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৬ হাজার ডলার এবং ২০২৭ সালের শেষ নাগাদ ৬ হাজার ৩০০ ডলারে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে গত ২৯ জানুয়ারি প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম রেকর্ড ১ লাখ ৮০ হাজার ৭৭৯ রুপিতে উঠেছিল। তবে এরপর দরপতন অব্যাহত থাকায় ২৭ অক্টোবরের কাছাকাছি সময়ে দাম নেমে আসে প্রায় ১ লাখ ৪২ হাজার ৫০০ রুপিতে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বন্ডের সুদহার কমার সম্ভাবনা, ডলারের দুর্বলতা এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তা সোনার দাম বাড়াতে ভূমিকা রাখতে পারে। মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদাও গুরুত্বপূর্ণ।

তবে স্বল্প মেয়াদে দামের গতিপথ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যুক্তরাষ্ট্রের সুদের হার, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং জ্বালানি তেলের সরবরাহে পরিবর্তন স্বর্ণের বাজারকে প্রভাবিত করতে পারে। তাই দাম বাড়ার সম্ভাবনা থাকলেও তা নিশ্চিত নয়।
ভারতের বাজারের দামকে ২৭ অক্টোবরের কাছাকাছি বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় রূপান্তর করে সম্ভাব্য ৩ লাখ ২৩ হাজার টাকার হিসাব করা হয়েছে। এটি বাংলাদেশের স্থানীয় বাজারদরের পূর্বাভাস নয়। আমদানি ব্যয়, বিনিময় হার, শুল্ক ও স্থানীয় বাজারের পরিস্থিতির কারণে বাংলাদেশে স্বর্ণের দাম ভিন্ন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *