খুলনায় জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন যুবক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুরের খাবারের বিরতিতে কার্যালয় থেকে বের হয়ে রিকশায় ওঠেন তন্ময় কুমার মণ্ডল। এ সময় ৩–৪টি মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক তাকে ঘিরে ধরেন। তাদের মধ্যে দুজন রিকশায় উঠে তার সঙ্গে যান। পরে তাকে মোটরসাইকেলে করে নগরীর কালীবাড়ি ঘাট এলাকার একটি দোকানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে পুলিশ কালীবাড়ি ঘাট এলাকায় অভিযান শুরু করে। প্রায় ৪০ মিনিট পর তন্ময় কুমার মণ্ডলকে রিকশায় করে আবার কার্যালয়ে ফিরতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তিনি আতঙ্কিত ও ঘর্মাক্ত ছিলেন।
তবে ফিরে এসে স্থানীয় সাংবাদিকদের কাছে তন্ময় কুমার মণ্ডল বলেন, কয়েকজন যুবক তাকে কালীবাড়ি ঘাটের কাছে একটি দোকানে নিয়ে গিয়ে কিছু কাগজপত্র সঠিক কি না, তা দেখতে দেন। কাজ শেষে তারাই তাকে রিকশায় করে কার্যালয়ে পাঠিয়ে দেয়।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কিছু সময়ের মধ্যেই সাব রেজিস্ট্রার ফিরে আসেন। কয়েকজন তাকে কাগজপত্র দেখার জন্য ঘাট এলাকায় নিয়ে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তাকে কেন এবং কারা নিয়ে গিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।