ধর্ম অবমাননা ও হিন্দু বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

রংপুরের পীরগঞ্জে সামাজিক মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে সৌরভ চন্দ্র মোহন্ত এবং বাড়িঘরে হামলার ঘটনায় শফিকুল ইসলাম আরিফ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার চক করিম (তেলিপাড়া) এলাকায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তিনটি হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

ভুক্তভোগী দীনেশ চন্দ্র মহন্ত জানান, একদল লোক সন্ধ্যায় এসে তাদের বাড়িঘরে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর ও তিনটি ছাগল লুট করে নিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই আকস্মিক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ঘটনার পর হামলার অভিযোগে সৌরভ চন্দ্র মোহন্তর বাবা বিশু চন্দ্র মহন্ত বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। এই মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে গুজিপাড়া এলাকার শফিকুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করে পুলিশ।

অন্যদিকে, ধর্ম অবমাননার অভিযোগে আমিনুল দফাদার বাদী হয়ে পীরগঞ্জ থানায় পৃথক আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলায় সৌরভ চন্দ্র মোহন্তকে একমাত্র অভিযুক্ত করা হয় এবং ঘটনার রাতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। একই ঘটনাকে কেন্দ্র করে ধর্ম অবমাননা ও ভাঙচুরের অভিযোগে পাল্টাপাল্টি দুটি মামলা হওয়ায় পুরো এলাকায় ব্যাপক আলোচনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মী।

পীরগঞ্জ থানার ওসি নজমুল হক জানান, পৃথক দুটি মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *