প্রতিমা ভাঙচুরের ঘটনায় পুলিশ সদস্যের মন্তব্য নিয়ে অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় ফেসবুকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জয়শ্রী দেব খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক পোস্ট, মন্তব্য ও প্রোফাইলের স্ক্রিনশটও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর দেবীগঞ্জের দেবীদুবা ইউনিয়নের গালান্ধি চৌরঙ্গী শ্রীশ্রী দুর্গা মন্দিরে নির্মাণাধীন দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের খবর একটি ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ওই পোস্টের মন্তব্যে ‘Younuch Sarder’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, “কাঁদা দিয়ে বানানো হয়তো পড়েগেছে।”

অভিযোগকারীর দাবি, ওই ফেসবুক প্রোফাইলে ‘ইউনুস সরদার’ নাম ও পুলিশ ইউনিফর্ম পরা ছবি রয়েছে এবং সেখানে কেএমপির সঙ্গে সম্পৃক্ততার তথ্য দেখা যায়। তবে অ্যাকাউন্টটি সত্যিই কোনো পুলিশ সদস্যের কি না এবং মন্তব্যটি সংশ্লিষ্ট ব্যক্তিই করেছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

অভিযোগকারী বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর রাতে দেবীগঞ্জের ওই মন্দিরে নির্মাণাধীন প্রতিমার মহিষ ও ময়ূরের অংশ ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ থানায় মামলা করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *