চিন্ময়ের মুক্তির দাবিতে কলকাতায় বিক্ষোভ

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনমুখী বিক্ষোভ মিছিল হয়েছে।

শনিবার কলকাতার বেকবাগান এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের আটকে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মী ও ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ার (এনসিপিআই) সদস্যরা অংশ নেন।

পার্ক সার্কাসের কাছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে যাওয়ার সময় বেকবাগান এলাকায় পুলিশ তাদের আটকে দেয়। পরে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে রয়েছেন এবং তাঁর মুক্তির দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আশপাশে নিরাপত্তা জোরদার করে কলকাতা পুলিশ। বিক্ষোভকারীদের অবস্থান ও পুলিশের ব্যারিকেড ঘিরে এলাকায় কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *