মাসুদুর রহমান শেখ, বেনাপোল:
যশোরের শার্শা উপজেলার অগ্রভুলাট সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১১৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৩টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর আওতাধীন অগ্রভুলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্যের অবৈধ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অগ্রভুলাট সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ১১৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও অবৈধ পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তবে এ অভিযানে কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।