রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) নিয়ে রাশিয়া থেকে একটি বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়ামবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিমানটি ভারতে যাত্রাবিরতি নিয়ে ঢাকায় আসবে। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেনাবাহিনীর পাহারায় ইউরেনিয়ামের চালান পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি—মোট নয়টি কার্গোতে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে রূপপুরের জন্য প্রয়োজনীয় পুরো জ্বালানি সরবরাহ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।