১০ মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামীর বাড়িতে নারীর অনশ

ময়মনসিংহের নান্দাইলে ১০ মাসের দুগ্ধপোষ্য সন্তানকে কোলে নিয়ে স্বামীর অধিকারের দাবিতে অনশন শুরু করেছেন সাথি বেগম নামে এক নারী। উপজেলার সিংরইল ইউনিয়নের বড় গাংগাইল গ্রামে স্বামী মো. সুমনের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেন।

সাথি বেগমের দাবি, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে মো. সুমনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর বেশ কিছুদিন সংসার করলেও পরবর্তীতে যৌতুকসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে স্বামী ও তার পরিবারের সদস্যরা তার ওপর নির্যাতন চালান বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও দাবি তার।

সাথি বেগম বলেন, স্বামীর সংসারে ফিরে যাওয়ার জন্য তিনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন। কোনো উপায় না পেয়ে অবশেষে ১০ মাসের সন্তানকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়িতে এসে অনশন শুরু করেছেন।

তবে বাড়িতে যাওয়ার পর তাকে ঘরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় তাকে জানানো হয়, ইতোমধ্যে তাকে তালাক দেওয়া হয়েছে। কিন্তু সাথি বেগমের দাবি, তিনি কোনো তালাকনামা পাননি এবং তালাকের বিষয়ে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

স্বামীর অধিকার ফিরে পেতে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন বলে জানান সাথি বেগম।

এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর মো. সুমন ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপন করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন বলে জানা গেছে।

তবে সাথি বেগমের অভিযোগের বিষয়ে স্বামী মো. সুমন ও তার পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *