বরিশালের উজিরপুরে বামরাইল বাজারে খুঁটির সঙ্গে বাঁধা বাবা অনিককে নিজ হাতে চা-রুটি খাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা শিশু তুবা বিনতে অরনি অবশেষে আবার বিদ্যালয়ে ফিরেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা তুবাকে সঙ্গে নিয়ে বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা তাকে স্বাগত জানান।
জানা গেছে, পারিবারিক নানা সংকটের কারণে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যেতে পারেনি তুবা। এর মধ্যে বামরাইল বাজারে তার বাবা অনিককে খুঁটির সঙ্গে বেঁধে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সে। সেখানে বাবাকে বাঁধা অবস্থায় দেখে বাজার থেকে চা ও রুটি এনে নিজ হাতে খাইয়ে দেয় তুবা। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে বিষয়টি আলোচনায় আসে।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনিককে চিকিৎসার জন্য একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। একই সঙ্গে তুবার পড়াশোনা যেন আর বন্ধ না হয়, সে বিষয়েও সহযোগিতার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।
বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন বলেন, দীর্ঘদিন পর তুবা বিদ্যালয়ে ফিরেছে। তার পড়াশোনার প্রতি বিশেষ নজর রাখা হবে।
বিদ্যালয়ে ফিরে তুবা বলে, “দীর্ঘদিন পর বিদ্যালয়ে আসতে পেরে আমি খুবই আনন্দিত।”
তুবার মা জান্নাতুল ফেরদৌস বলেন, “আমার মেয়ে দীর্ঘদিন পর আবার স্কুলে যেতে পেরেছে। এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অসংখ্য ধন্যবাদ।”
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তুবা এতদিন বিদ্যালয়ে যেতে পারেনি। বিষয়টি দুঃখজনক। তার পড়াশোনা যাতে আর বন্ধ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
তিনি আরও জানান, তুবার পড়াশোনা চালু রাখার বিষয়টি উপজেলা প্রশাসনের নজরদারিতে থাকবে। পাশাপাশি অনিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলে তাকে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।