মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা, আহত ১

নড়াইলের কালিয়া উপজেলায় মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মানসুর মোল্যা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নূর ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার এলাকার এক যুবককে মাদকসেবনে নিষেধ করাকে কেন্দ্র করে স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে শনিবার রাতে ইউপি সদস্যের চাচাতো ভাই মানসুর মোল্যা ওই যুবকের কাছে মেম্বারকে লাঞ্ছিত করার কারণ জানতে চান।

এ সময় ওই যুবক ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে মানসুর মোল্যাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ। হামলায় নূর ইসলামও আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় মানসুরকে খুলনায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *