কাহারোলে কান্তজিউ মন্দির পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী

দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত দেশের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি।

​গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে তাঁরা ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে পৌঁছান এবং মন্দিরের সার্বিক স্থাপত্যশৈলী ঘুরে দেখেন। পরিদর্শনকালে তাঁরা মন্দিরের শতবর্ষী প্রাচীন টেরাকোটার নান্দনিক কারুকার্য ও ঐতিহাসিক নিদর্শনগুলো গভীর মনোযোগের সাথে পর্যবেক্ষণ করেন।

​পরিদর্শন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী কান্তজিউ মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব রক্ষা, প্রাচীন নিদর্শন সংরক্ষণ, পর্যটন সম্ভাবনার প্রসার এবং দেশ-বিদেশ থেকে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিকল্পে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিশেষ আলোচনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা এবং কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মোকলেদা খাতুন মীমসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​উল্লেখ্য, অনন্য টেরাকোটা ও অনুপম স্থাপত্যশৈলীর জন্য কাহারোলের কান্তজিউ মন্দিরটি দেশি-বিদেশি পর্যটক ও সনাতন ধর্মাবলম্বী ভক্তদের কাছে এক অন্যতম প্রধান আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হিসেবে স্বীকৃত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *