ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক বাবু বিদ্যুৎ কান্তি দেবের বাসায় ডাকাতির অভিযোগ উঠেছে।
গত ২৪ সেপ্টেম্বর রাতে একদল ডাকাত তাঁর বাসায় ঢুকে তাঁকে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে পরিবারের অন্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকা স্বর্ণালংকার, তামা, কাঁসাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ডাকাতরা প্রথমে বিদ্যুৎ কান্তি দেবকে জিম্মি করে। এরপর তাঁর হাত-পা ও চোখ বেঁধে পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে জিম্মি করা হয়। পরে তারা বাসায় তল্লাশি চালিয়ে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী দ্রুত তদন্ত করে ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
একই সঙ্গে নাসিরনগরের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার জন্য প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।