কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমে ব্যবহৃত ফরমে ‘মুজিব শতবর্ষের’ লোগো এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা স্লোগান ব্যবহার করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজে। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হলে শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে আসে বিষয়টি।
ভর্তি ফরমের ওপরের অংশে ‘মুজিব শতবর্ষের’ লোগো দেখা যায়। একই ফরমে লেখা রয়েছে—‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।
পরে ওই ভর্তি ফরমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়।
স্থানীয়দের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বর্তমান সময়ে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমে পুরোনো লোগো ও রাজনৈতিক স্লোগান কীভাবে ব্যবহার করা হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।