নড়াগাতীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে ভ্যানচালক নিহত

নড়াইলের নড়াগাতীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে হাসান শেখ (৫০) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান শেখ মারা যান। তিনি কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের তারা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলাবাড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল মেম্বার ও আবেদ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সময় গুলিবর্ষণের ঘটনায় হাসান শেখসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসান শেখের মৃত্যু হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, সংঘর্ষের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *