আগামী ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ করবেন। উক্ত অনুষ্ঠানে বিদায়ী মহামান্য রাষ্ট্রপতি, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ২১ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ৩:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিম্নোক্ত ট্রাফিক নির্দেশনা অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, নিম্নলিখিত নির্দেশনাসমূহ বঙ্গভবনে আগত আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
১। মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সকল প্রকার যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
২। শাপলা চত্বর ও দৈনিক বাংলা হতে রাজউক-গুলিস্তানগামী সকল বাস দৈনিক বাংলা–ইউবিএল–প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে অথবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহার করবে।
৩। দৈনিক বাংলা হতে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
৪। হানিফ ফ্লাইওভার হতে আগত যানবাহনসমূহ জিরো পয়েন্টে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা–শাপলা চত্বর অথবা জিরো পয়েন্ট–ইউবিএল ক্রসিং–নাইটিঙ্গেল ক্রসিং–ফকিরাপুল ক্রসিং–ইত্তেফাক হয়ে চলাচল করবে।
উপরোল্লিখিত রাস্তাসমূহ পরিহার করে অন্য কোন সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করার জন্য গাড়ি চালকদের অনুরোধ করা হলো। এ ট্রাফিক ব্যবস্থাপনার ফলে উক্ত রাস্তা ও এলাকাসমূহে যানবাহন চলাচল সাময়িকভাবে বিঘ্ন ঘটায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে।