ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গোবিপ্রবিতে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট ও শহিদ হাদি চত্বর এলাকাতেও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছ, বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বাগত মণ্ডলকে ক্যাম্পাসের বাইরে ডেকে নিয়ে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় আইন বিভাগের শিক্ষার্থী ইমন হোসাইনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন স্বাগত মণ্ডল।

পরবর্তীতে ডিবেটিং সোসাইটির নতুন কমিটির পদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টকে কেন্দ্র করে আইন বিভাগের শিক্ষার্থী ইমন হোসাইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী সবুজের মধ্যে বিতর্ক শুরু হয়। একপর্যায়ে মেসেঞ্জারে ইমন হোসাইন ইতিহাস বিভাগের শিক্ষার্থী সবুজকে হুমকি দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর জেরে আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী তিতুমীর হলে গিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের গালাগাল ও মারধরের উদ্দেশ্যে খুঁজতে থাকেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট ও শহিদ হাদি চত্বর এলাকাতেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবের সদস্যদের সঙ্গেও আইন বিভাগের শিক্ষার্থীদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ওই সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহসান সৌরভ জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *