সাতক্ষীরায় ৫০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।

বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কনসোর্টিয়াম গোফরইম্প্যাক্ট (GO4IMPact) কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য সামনে রেখে গোফরইম্প্যাক্ট প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলা এবং সাতক্ষীরা পৌরসভায় মোট ৫০ হাজার চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে জেলায় সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণ বিষয়ে জনসচেতনতা জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *