বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে বিদেশি নাইন এমএম পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে বেনাপোল পৌরসভার শাহজালাল তেল পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেনের নির্দেশনায় এসআই মো. মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মফিজুর রহমানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়ার বাসিন্দা। তিনি আলমগীর হোসেনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মফিজুর রহমানকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *