দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে মন্ত্রী সাখাওয়াত ও প্রতিমন্ত্রী অমিত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ১২ জনের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম।

বুধবার দুপুরে তারা হাসপাতালে গিয়ে দগ্ধদের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এ সময় আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন এবং স্বজনদের ধৈর্য ধরার আহ্বান জানান।

এর আগে বুধবার দুপুর ১টার দিকে সোনারগাঁও উপজেলার শিল্পনগরী এলাকায় অবস্থিত মেঘনাঘাট জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে চুলার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন দগ্ধ হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রটির কর্মকর্তা-কর্মচারীরা দুপুরের খাবার খাওয়ার সময় হঠাৎ ক্যান্টিনে বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত কয়েকজনের হাত, মুখ ও পা দগ্ধ হয়। পরে সহকর্মীরা আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দগ্ধের মাত্রা নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

দগ্ধরা হলেন— নাজমুল শেখ , সাইফুল ইসলাম , রামিজুল , আমির , শঙ্কর , কাউসার , তুহিন শেখ , মনির হোসেন , আল আমিন , ওসমান গনি , সুপ্রভাত ঘোষ ও বদরুল হায়দার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *