যশোরে আইনজীবীকে প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের বিরুদ্ধে

প্রতিনিধি: স্বরূপ বিশ্বাস যশোর।

যশোরে মামলা পরিচালনার টাকা পরিশোধ না করে উল্টো আইনজীবীকে প্রাণনাশের হুমকি ও অশ্রাব্য গালিগালাজের অভিযোগ উঠেছে হাসিবুর রহমান শামীম নামে এক সাংবাদিকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রেসক্লাব যশোরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আইনজীবী মুক্তাদিরুল হক। বুধবার প্রেসক্লাব যশোরের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এ অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। তবে, শামীম এ ঘটনায় পাল্টা অভিযোগ ছুড়েছেন আইনজীবীর বিরুদ্ধে।

আইনজীবীর অভিযোগ সূত্রে জানা গেছে, যশোর শহরতলীর বিরামপুর গ্রামের ফকিরার মোড় এলাকার হাজী লিয়াকত আলীর ছেলে হাসিবুর রহমান শামীম কয়েকদিন আগে যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের ৬১৩ নম্বর কক্ষে আইনজীবী মুক্তাদিরুল হকের চেম্বারে যান। সেখানে তিনি ১০ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের হওয়া ১১৮৮ নম্বর চাঁদাবাজি মামলার পাল্টা মামলা করার কথা বলেন। এ সময় পাল্টা মামলা দায়েরের জন্য আইনজীবীর সঙ্গে ১০ হাজার টাকায় মৌখিক চুক্তি হয়। পরে গত ৬ মে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৮৮ নম্বর সিআর মামলা দায়ের করা হয়। তবে মামলা দায়েরের আগে শামীম মাত্র এক হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি টাকা পরে দেওয়ার আশ্বাস দেন।

অভিযোগে আরও বলা হয়, আদালত মামলাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু এরপর থেকেই বাকি ৯ হাজার টাকা পরিশোধের বিষয়ে টালবাহানা শুরু করেন শামীম। একপর্যায়ে পাওনা টাকা চাইলে তিনি আইনজীবী মুক্তাদিরুল হককে প্রাণনাশের হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ঘটনার পর বুধবার প্রেসক্লাব যশোরে লিখিত অভিযোগ দেন আইনজীবী মুক্তাদিরুল হক।

এ বিষয়ে এশিয়ান টিভির সাংবাদিক হাসিবুর রহমান শামীম পাল্টা অভিযোগ করেন আইনজীবী মুক্তাদিরুল হকের বিরুদ্ধে। তিনি বলেন, আইনজীবী তার কাছে অনৈতিকভাবে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় নানা হুমকি-ধমকি দেন। এ কারণে শামীম গত ৯ মে কোতোয়ালি থানায় জিডি করেছেন এবং বুধবার জেলা আইনজীবী সমিতিতেও অভিযোগ দিয়েছেন। সেই প্রতিহিংসা থেকেই মুক্তাদির এসব অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *