কাউকে মনোনয়ন দেইনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তিনি কাউকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা বা মনোনয়ন দেননি। গণমাধ্যমে তার বক্তব্য সম্পূর্ণ প্রচার না করে বিকৃত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

রবিবার (২৫ অক্টোবর) জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, আমি কাউকে ক্যান্ডিডেট ঘোষণা করিনি। পুরো বক্তব্যটি সঠিকভাবে প্রচার করা হয়নি।

ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, সম্প্রতি পরিচ্ছন্নতাকর্মীদের একটি কলোনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান, শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান ছিল। সেখানে প্রায় ৬৮০টি কানপুরী ও তেলেগু সম্প্রদায়ের পরিবার উপস্থিত ছিল।
প্রতিমন্ত্রী বলেন, সেই অনুষ্ঠানে তার বক্তব্য ছিল আগামী নির্বাচনে সালাম সাহেব এবং স্থানীয় কাউন্সিলর টিপু যদি প্রার্থী হন, তবে যেন এলাকাবাসী তাদের সমর্থন দেন। তিনি তাদের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেননি।

মীর শাহে আলম আরও ব্যাখ্যা করেন, নতুন আইন অনুযায়ী দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে কাউকে প্রার্থী মনোনীত করার সুযোগ নেই। দল কেবল সমর্থন দিতে পারে। বিশেষ করে মেয়র পদের ক্ষেত্রে কাকে সমর্থন দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে বিএনপির কেন্দ্র ও জাতীয় স্থায়ী কমিটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *