সাবেক পুলিশ সুপার ড. তানিয়া আনসারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে কানাডায় অবস্থানরত পুলিশ টেলিকম ঢাকার পুলিশ সুপার ড. তানিয়া আনসারীর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ’ (Misconduct) ও ‘পলায়নের’ (Desertion) অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। বিভাগীয় তদন্তে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মর্মে বিবেচিত হয়েছে।
এ অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী ড. তানিয়া আনসারীকে ১০ মে, ২০২৫ তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।