লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি হাফেজিয়া মাদ্রাসার আবাসিক ৯ বছর বয়সী শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় মাওলানা মো. ইব্রাহিম নামের এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শনিবার (২৪ অক্টোবর) শিক্ষার্থীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করেন। ওই দিন বিকেল চারটার দিকে উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের ওই মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমকে আটক করা হয়।
শিশুটির মায়ের অভিযোগ, মাদ্রাসাটিতে দীর্ঘদিন ধরে তাঁর ছেলেকে যৌন নির্যাতন করে আসছিলেন মো. ইব্রাহিমসহ দুই ব্যক্তি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মো. ইব্রাহিমকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।