দিনাজপুরে শিক্ষক মনোরঞ্জন রায়কে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সহকারী প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসাদুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মনোরঞ্জন রায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের মৃত অসীম চন্দ্র রায়ের ছেলে। তিনি চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, নয়া মোল্লাপাড়া গ্রামের প্রয়াত আজিজুল মাস্টারের বাড়ির পাশের রাস্তার জমি নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান ও তাঁর লোকজনের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল। রোববার দুপুরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে গেলে মনোরঞ্জন রায়কে গাছের ডাল ও লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়ে তিনি পাশের একটি ধানক্ষেতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা আল রোমান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে পার্বতীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসাদুজ্জামানকে আটক করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *