শিপ্রা ঘোষের মৃত্যু: সুষ্ঠু তদন্তে দোষীদের শাস্তির দাবি ইসকনের

যশোরের চাঁচড়া ইসকন মন্দিরে শিপ্রা ঘোষের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মন্দিরে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ। একই সঙ্গে শিপ্রা ঘোষের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের অভিযোগ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে কেউ দায়ী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার বেলা ১১টার দিকে ইসকন বাংলাদেশের একটি প্রতিনিধি দল যশোরের চাঁচড়া ইসকন মন্দির পরিদর্শন করে। পরে তারা শিপ্রা ঘোষের বাড়িতে গিয়ে তাঁর মা, ভাই ও চাচাদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সময় ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ বলেন, শিপ্রা ঘোষের মৃত্যুর পর একদল লোক মন্দিরে এসে ব্যানার ও মন্দিরের ভেতরে ভাঙচুর করেছে। তাঁর ভাষ্য, একটি পক্ষ মব সৃষ্টির চেষ্টা করেছিল। তবে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

তিনি দাবি করেন, একটি কুচক্রী মহল ইসকনকে কলুষিত করার চেষ্টা করছে। শিপ্রা ঘোষের পরিবার যদি মনে করে তাঁকে হত্যা করা হয়েছে, তাহলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ বলেন, তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে তদন্তে ইসকনের কেউ জড়িত না থাকার বিষয়টি প্রমাণিত হলে ইসকনের বিরুদ্ধে মিথ্যা মন্তব্য এবং মন্দিরে হামলা বা ভাঙচুরের সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন। তাই কোনো ঘটনার তদন্ত শেষ হওয়ার আগে মন্তব্য না করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

শিপ্রা ঘোষের অকালমৃত্যুতে ইসকন বাংলাদেশ গভীরভাবে শোকাহত জানিয়ে তিনি বলেন, শিপ্রার পরিবারের পাশে থাকবে সংগঠনটি এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ, খুলনা বিভাগীয় কমিটির সহ-সম্পাদক শ্রীপাদ গৌড়েশ্বর নিমাই দাস, যুগ্ম সম্পাদক শ্রীপাদ জগৎগুরু গৌরাঙ্গ দাস, ঢাকা বিভাগের বিভাগীয় সম্পাদক শ্রীপাদ শুভনিতাই দাস, ইসকন কমিউনিকেশনস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শ্রীপাদ হৃষিকেশ গৌরাঙ্গ দাস, ইসকন রিজলভ বাংলাদেশের চেয়ারম্যান শ্রীপাদ যুগধর্ম দাস, ইসকন ডিভোটি কেয়ার বাংলাদেশের চেয়ারম্যান শ্রীপাদ বিমলা প্রসাদ দাস, অর্থ সম্পাদক শ্রীপাদ জ্যোতিশ্বর গৌরহরি দাস এবং ইসকন চ্যারিটি বাংলাদেশের চেয়ারম্যান শ্রীপাদ সুদর্শন জগন্নাথ দাস।

ইসকনের প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, শিপ্রা ঘোষের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। ঘটনার সঙ্গে যে পক্ষই জড়িত থাকুক, তদন্তে দায় প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *