যশোরে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আটক

যশোর কোতোয়ালি থানার পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক জিয়াউল হাসান হ্যাপী বিমানবন্দর এলাকার মৃত মুজাফ্ফরের ছেলে। পুলিশ জানায়, গত ২৮ আগস্ট সকালে যশোর শহরের কাজীপাড়া-কাঁঠালতলা এলাকায় পালবাড়িগামী সড়কে সরকারবিরোধী ও নাশকতামূলক বিক্ষোভ মিছিল বের করার অভিযোগে দায়ের করা মামলায় তাকে আটক দেখানো হয়েছে।
এ ছাড়া পৃথক অভিযানে যশোর সদর উপজেলার রহিমপুর গ্রামের মৃত নওয়াব আলী বিশ্বাসের ছেলে আব্দুল কাদের, ঝুমঝুমপুর চান্দের মোড়ের মৃত শফিউদ্দিনের ছেলে সাইফুল আলম, ঝুমঝুমপুর ক্লাব মোড়ের মীর মনোয়ার আলী ওরফে পিরু মিয়ার ছেলে মীর হোসেন এবং জেলা মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণবাটি গ্রামের সালমা পারভীন কেয়াকে আটক করা হয়।
পুলিশের তথ্যমতে, গত ৬ জুন যশোরের বসুন্দিয়ার জঙ্গলবাধাল গ্রামে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাদের আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, পৃথক অভিযানে যশোর সদর উপজেলার ভায়না সরদারপাড়ার ইউনুস আলীর ছেলে বাবুল ইসলাম এবং বারান্দীপাড়ার আব্দুল কাদেরের ছেলে রাকিব আলীকেও আটক করা হয়েছে। গত ৩১ জুলাই রাজারহাট পিকনিক কর্নার এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
পরে সাতজনকেই সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *