ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তর ও পূর্বাঞ্চল

ভারতের উত্তর ও পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ৪৮ ঘণ্টায় শুধু উত্তরপ্রদেশেই বৃষ্টি ও ঝড়জনিত ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

প্রবল বৃষ্টিতে ঘরবাড়ি ধসে পড়া, বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশের লখনউ, সীতাপুর ও লখিমপুর খেরিসহ বিভিন্ন এলাকায় ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি এলাকায় স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। বন্যাকবলিত মানুষদের উদ্ধারে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ ও এসডিআরএফ) কাজ করছে।

উত্তরপ্রদেশের পাশাপাশি বিহার, ওড়িশা ও ছত্তীসগঢ়েও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিহারে নেপাল সীমান্তের কাছাকাছি নদীগুলোর পানি বাড়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ওড়িশা ও ছত্তীসগঢ়ে টানা বৃষ্টিতে কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ওড়িশায় বন্যাকবলিত এলাকার হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এসব রাজ্যের বিভিন্ন এলাকায় আরও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এতে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *