চাঁদাবাজির অভিযোগে ভারতের অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, এক ব্যবসায়ীকে মারধর ও ভয় দেখিয়ে তার কাছ থেকে মোট ৫ লাখ ৫০ হাজার রুপি নেওয়া হয়েছে।
পুলিশের অভিযোগ অনুযায়ী, শর্টফিল্মে বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন অভিনেত্রী ও তার সহযোগীরা। ওই ব্যবসায়ী প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। পরে ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ৫০ হাজার রুপি নেওয়া হয়।
এ ছাড়া ব্যবসায়ীকে বাধ্য করে অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ৩ লাখ রুপি এবং তার এক সহযোগীর অ্যাকাউন্টে আরও ২ লাখ রুপি পাঠানো হয় বলে অভিযোগ।
ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ ব্যাংক লেনদেনের তথ্য যাচাই করে অর্থ স্থানান্তরের প্রমাণ পায়। এরপর গত ২২ সেপ্টেম্বর অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হলে আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।