রাবির চৈতি বিশ্বাস ১৮তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চৈতি বিশ্বাস ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর আগে তার স্বামী উদাস গোস্বামীও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ১৬তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচার বিভাগে যোগ দেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় মোট ২০০ জন উত্তীর্ণ হয়েছেন।
ফল প্রকাশের পর জানা যায়, চৈতি বিশ্বাসও এবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। স্বামী-স্ত্রী দুজনই বিচার বিভাগে যুক্ত হওয়ায় পরিবারে এসেছে নতুন আনন্দ। বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের অভিনন্দন জানাচ্ছেন অনেকে।
চৈতির স্বামী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উদাস গোস্বামী সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর সাফল্যে আনন্দ প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লেখেন, ছোটবেলা থেকেই জজ-ম্যাজিস্ট্রেট দেখার প্রতি তার আগ্রহ ছিল। এখন ঘুম থেকে উঠেই একজন জজ দেখার সৌভাগ্য হবে।
স্ত্রীর উদ্দেশে তিনি আরও লেখেন, ১৮তম জুডিশিয়ারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় প্রিয়তমা সহধর্মিণী চৈতি বিশ্বাসকে অভিনন্দন। স্রষ্টার কৃপায় তার পরিশ্রম সম্মানিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্বামী-স্ত্রী দুজনেরই বিচার বিভাগে যুক্ত হওয়ার ঘটনাকে পরিবার ও পরিচিতজনরা আনন্দের ও অনুপ্রেরণার ঘটনা হিসেবে দেখছেন।