দুর্গাপূজাকে সামনে রেখে রাজবাড়ীর সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বড়বাজার দুর্গামণ্ডপে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে দেবী দুর্গা ও সরস্বতীর প্রতিমার মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত হয়েছে।
মণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সোমবার রাতে প্রয়োজনীয় একটি সরঞ্জাম আনতে মণ্ডপের ভেতরে গেলে প্রতিমাগুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান তাঁরা। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হয়।
মণ্ডপের সভাপতি অরুণ কুন্ডু বলেন, রাত পৌনে ১০টার দিকে বিষয়টি তাঁদের নজরে আসে। সে সময় মণ্ডপের প্রবেশপথ বাইরে থেকে তালাবদ্ধ ছিল। প্রতিমার ক্ষতির ধরন দেখে তাঁদের ধারণা, বাইরে থেকে কোনো ব্যক্তি লাঠি বা এ ধরনের কোনো বস্তু দিয়ে আঘাত করে থাকতে পারে।
ঘটনার খবর পেয়ে পুলিশ মণ্ডপে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে অনুসন্ধান শুরু করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বড়বাজারের এই মণ্ডপে দীর্ঘদিন ধরে দুর্গাপূজা হয়ে আসছে। প্রায় দেড়শ বছরের পুরোনো এই পূজাস্থানে পূজার আগে প্রতিমা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে।
ঘটনায় দুঃখ প্রকাশ করে অরুণ কুন্ডু বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তাঁরা আশা করছেন।
এদিকে রাজবাড়ী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক সরকার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি বলেন, রাজবাড়ীর শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো চেষ্টা প্রতিহত করা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।