ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সৌদি প্রবাসীর ১৪ বছর বয়সী ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর উপজেলার চরমছলন্দ ইউনিয়নের কালীবাড়িচর গ্রামে পানি ও কুড়াল চাওয়ার কথা বলে ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করে অভিযুক্তরা। অভিযোগ রয়েছে, পরে অস্ত্রের ভয় দেখিয়ে তার ১৪ বছর বয়সী ছেলেকে জিম্মি করা হয় এবং গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় অভিযুক্তরা বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। একই সঙ্গে তারা ঘটনার ভিডিও ধারণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
ঘটনাটি জানাজানি হওয়ার পর গত ২২ সেপ্টেম্বর সকালে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে এলাকাবাসী অভিযুক্তদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে গফরগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার পর পুলিশ রাজিব নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অন্য অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।