যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।
আটক মালামালের মধ্যে রয়েছে ১৪৫টি ভারতীয় শাড়ি, ২ কেজি জিরা, ৮০ প্যাকেট ফুসকা, ৬.৫ কেজি কিসমিস, ৬৫০ প্যাকেট খাদ্যসামগ্রী, ২৬৬টি চকলেট এবং ১ হাজার ২৬টি কসমেটিকস সামগ্রী।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকায় বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।