গাজীপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের পূবাইল থানার ডেমরপাড়া এলাকায় নিজ ঘর থেকে প্রাপ্তি মল্লিক পূজা (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত প্রাপ্তি মল্লিক পূজা ডেমরপাড়া এলাকার গোপাল চন্দ্র মল্লিকের মেয়ে। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। প্রায় দুই বছর আগে শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকার শিশির চন্দ্র রায়ের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তাদের কোনো সন্তান ছিল না।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ভাইয়ের সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে আসেন পূজা। সোমবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে গোসল শেষে নিজ কক্ষে অবস্থান করছিলেন।

রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে তার ভাই পাশের কক্ষের সিলিং দিয়ে ভেতরে প্রবেশ করে পূজাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। এরপর ঘরের দরজা খুলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি নিয়ে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *