দুই মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথনে মায়ের জয়

দুই মেয়ের উচ্চশিক্ষার খরচ জোগাতে শাড়ি পরে ও খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ভারতের মহারাষ্ট্রের বিড জেলার ৪৭ বছর বয়সী রমাবাই রণবীর

স্বামীর মৃত্যুর পর চরম আর্থিক সংকটের মধ্যেও মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে আম্বাজোগাই শহরের একটি একাডেমিতে রাঁধুনির কাজ করেন রমাবাই। সম্প্রতি স্থানীয় একটি সংগঠনের আয়োজনে ‘অমৃত দৌড়’ ম্যারাথনে ৩ হাজার রুপি পুরস্কারের আশায় অংশ নেন তিনি।

দৌড়ের সময় পায়ের চপ্পল পিছলে গেলে সেটি হাতে নিয়েই খালি পায়ে দৌড়াতে শুরু করেন রমাবাই। শেষ পর্যন্ত অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন তিনি।

জয়ের পুরস্কারের ৩ হাজার রুপি দিয়ে মেয়েদের জন্য বই কিনবেন বলে জানিয়েছেন রমাবাই। একই প্রতিযোগিতায় তার মেয়ে পূজাও অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।

দুই মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করতে এক মায়ের এমন অদম্য লড়াই ও আত্মত্যাগ উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *