সুনামগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৫

সুনামগঞ্জ সদর উপজেলার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জানীগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গেলে শিউলী রাণী (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন ।

সোমবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিলেট থেকে সুনামগঞ্জ ফেরার পথে গেইটলক পরিবহনের একটি বাস সদর উপজেলার জানীগাঁও এলাকায় পৌঁছালে হঠাৎ হার্ড ব্রেক করে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। সে সময় বাসে ২০ থেকে ৩০ জন যাত্রী ছিলেন।

স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। তবে শিউলী রাণী উল্টে থাকা বাসের নিচে আটকা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের কর্মীরা যন্ত্রের সাহায্যে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত সবাই সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি রতন শেখ জানান, যাত্রীবাহী বাস উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *