ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূর দুই কানের স্বর্ণালংকার ছিঁড়ে নিয়ে গেছে এক চোর। এতে গুরুতর আহত হয়েছেন ওই নারী। তাঁর দুই কান থেকে রক্তক্ষরণ হয়ে বিছানা ভিজে যায়। একই বাড়িতে থাকা আরেক নারীর নাকের গহনা ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় চোর। পরে চোর চোর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে পালিয়ে যায় সে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টায় ঘটনাটি ঘটেছে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের চর মহিষা গ্রামে। আহত গৃহবধূ জেলে শাহজাহান হাওলাদারের স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ১২টার দিকে শাহজাহান হাওলাদারের বাড়ির এক পাশের টিন খুলে ভেতরে প্রবেশ করে চোর। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা শাহজাহান হাওলাদারের স্ত্রীর দুই কানে থাকা স্বর্ণালংকার ছিঁড়ে নিয়ে যায় সে। এতে তাঁর দুই কান গুরুতর জখম হয়।
ঘটনার পর আহত গৃহবধূকে দেখতে যাওয়া স্থানীয় বাসিন্দা কামরুল হাসান মোমেন বলেন, ঘটনা শোনার পর আমি বেশ কয়েকজন ওই ঘরে যাই। শাহজাহান হাওলাদারের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁর কানের রক্তে পুরো বিছানা ভিজে গেছে। আমরা চোরকে ধরার চেষ্টা করছি। তাকে পাওয়া গেলে দ্রুত পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
এ বিষয়ে মেহেন্দীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সাজেদুর বলেন, এ ঘটনা আমরা এখনো শুনিনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।