চালকের আসনে ছেলে, সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত

রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অব.) ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় সুলতান (৬০) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে ছিলেন ছিবগাত উল্লাহর ছেলে বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র দাবি করেছে। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থলে ফেলে রেখে তিনি চলে যান বলে জানিয়েছে একটি সূত্র। তবে পুলিশ এখনো চালকের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার ডান দিকে কালভার্ট রোডের একটি শাখা সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেট্রো-ঘ-১৯-৭০৭৭ নম্বরের গাড়িটি একটি রিকশাকে পাশ থেকে ধাক্কা দিলে চালক সুলতান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে পল্টন থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে গাড়িটি পল্টন থানায় রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ছিবগাত উল্লাহর ছেলে। মতিঝিল ট্রাফিক পুলিশের একটি সূত্রও জানিয়েছে, গাড়ির চালকের আসনে ছিলেন তার ছেলে। দুর্ঘটনার পর তিনি গাড়িটি ফেলে চলে যান।

তবে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটির মালিক পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ছিবগাত উল্লাহ। দুর্ঘটনার সময় গাড়িটি কে চালাচ্ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।’

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, সাবেক অতিরিক্ত আইজিপির ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশাচালক আহত হয়েছেন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, ‘সাবেক অতিরিক্ত আইজিপির গাড়িটি পল্টন থানা হেফাজতে আছে। আমরাও জানতে পেরেছি তার ছেলে গাড়িটি চালাচ্ছিলেন। তবে এখনো এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে চালককে আটক করা যায়নি।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মেহেদী হাসান (২৪) নামে এক নির্মাণশ্রমিক নিহত হন। গাড়িটি ফুটপাতে উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *