ফরিদপুরের নগরকান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াখুলি ও সুতারকান্দা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আহতদের নগরকান্দা ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে সুতারকান্দা গ্রামের ইয়াসিন মিয়া পার্শ্ববর্তী সুয়াদি তেলের পাম্পে গেলে জিয়াখুলি গ্রামের কয়েকজন যুবকের সাথে তার বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় নিজের গ্রামের কয়েকজনকে মাদকসেবী আখ্যা দিয়ে মারধরের প্রতিবাদ করায় ইয়াসিনের ওপর চড়াও হন জিয়াখুলি গ্রামের ফয়সাল। একপর্যায়ে তার মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়ার পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে গ্রাম্য সালিশের মাধ্যমে দুই পক্ষের বিরোধ মীমাংসা হলেও ইয়াসিনের মোবাইল ফোন ও মানিব্যাগ ফেরত দেওয়া হয়নি বলে জানা গেছে। পরবর্তী সময়ে সুতারকান্দা বাজারে এসে ইয়াসিন সেগুলো ফেরত চাইলে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। এরই জেরে শনিবার ভোর থেকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে নগরকান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের কারণ ও আহতের প্রকৃত সংখ্যা জানতে তদন্ত চলছে।

ওসি আরও জানান, বাড়িঘর ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *