যশোরের বেনাপোলের ক্যান্সার আক্রান্ত যুবক শাহিন হোসেনের চিকিৎসায় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ঢাকাস্থ বেনাপোল সমিতি। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সমিতির পক্ষ থেকে শাহিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
শাহিন হোসেন (৩৫) বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আনারুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর উত্তরায় আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, ক্যান্সারে আক্রান্ত শাহিনের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তাঁর পরিবার আর্থিক সংকটে পড়ে। একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে ঢাকাস্থ বেনাপোল সমিতির সঙ্গে যোগাযোগ করে সহযোগিতার আবেদন জানানো হয়।
বিষয়টি সমিতির কার্যনির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ, নিরীক্ষা পরিষদসহ সাধারণ সদস্যদের অবহিত করা হলে তাঁরা মানবিক বিবেচনায় আর্থিক সহযোগিতার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় সমিতির পক্ষ থেকে প্রতিশ্রুত আর্থিক সহায়তা শাহিনের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ বেনাপোল সমিতির ছাত্রবিষয়ক সম্পাদক রোকনুজ্জামান ও সাধারণ সদস্য তানজিবুল আলম পাভেল।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্বের অংশ। শাহিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সব সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
পাশাপাশি ক্যান্সার আক্রান্ত শাহিন হোসেনের দ্রুত সুস্থতা কামনা এবং তাঁর পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।