যশোর শহরের আরবপুর ভেকুটিয়া এলাকায় কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ১৭ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠা এক যুবক তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন কিশোরীর বাবা।
এ ঘটনায় কিশোরীর বাবা শেখ মারুফ হোসেন (৪২) যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তামিম (২২) নামে এক যুবক ও তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় একজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আরবপুর ভেকুটিয়া এলাকার বাসিন্দা মারুফ হোসেনের মেয়ে মুশফিকা মাহার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের পরিচয় হয়। বিষয়টি জানতে পেরে মেয়েকে ওই যুবকের সঙ্গে যোগাযোগ না রাখতে নিষেধ করেন বাবা। তবে পরবর্তী সময়ে পরিবারের অজান্তে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত শনিবার (৩১ অক্টোবর) মুশফিকা মাহা কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পরও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁরা জানতে পারেন, তামিম কিশোরীকে প্রলোভন দেখিয়ে সঙ্গে নিয়ে গেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
কিশোরীর বাবা আরও অভিযোগ করেন, এ ঘটনায় তাঁর মেয়ের স্থানীয় এক বান্ধবীরও সংশ্লিষ্টতা থাকতে পারে। নিখোঁজের পর মেয়ে একটি মোবাইল নম্বর থেকে বাবাকে ফোন করে তামিমের সঙ্গে থাকার কথা জানায়। তবে পরবর্তী সময়ে ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভিযুক্ত যুবকের মুঠোফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বাড়ি থেকে বের হওয়ার সময় কিশোরী আনুমানিক এক ভরি ওজনের স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যায়। প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে প্রতারণার মাধ্যমে মেয়েকে নিয়ে যাওয়ার পাশাপাশি স্বর্ণালংকার আত্মসাতের আশঙ্কাও প্রকাশ করেছেন তার বাবা।
মারুফ হোসেন জানান, তাঁর অপ্রাপ্তবয়স্ক মেয়ে বর্তমানে কোথায় এবং কার হেফাজতে রয়েছে, সে বিষয়ে পরিবার নিশ্চিত নয়। মেয়ের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে তাঁরা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন।
এ ঘটনায় নিখোঁজ কিশোরীকে দ্রুত খুঁজে বের করে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগ তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।