যুক্তরাষ্ট্রের শিকাগোতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উদীয়মান বাংলাদেশি চিকিৎসক ডা. অদিতি সাহা। চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করার ঠিক আগমুহূর্তে তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক এবং চিকিৎসক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, ডা. অদিতি সাহা রাজধানীর জেড. এইচ. সিকদার ওমেনস মেডিকেল কলেজের জেড-২৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের চিকিৎসক লাইসেন্সিং পরীক্ষার USMLE Step 1 ও Step 2 সম্পন্ন করেন এবং সফলভাবে রেসিডেন্সি ম্যাচ অর্জন করেন। যুক্তরাষ্ট্রে একজন চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
সহপাঠী ও ঘনিষ্ঠ সূত্র জানায়, মাত্র পাঁচ মাস আগেই তিনি এই গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছিলেন। তবে শিকাগোতে ঘটে যাওয়া ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তাঁর অকাল মৃত্যু সেই উজ্জ্বল ভবিষ্যতের পথ রুদ্ধ করে দেয়।
ডা. অদিতির মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তাঁর সহপাঠী ও চিকিৎসকরা। এক শোকবার্তায় তাঁরা বলেন, “আমরা একজন অসাধারণ মেধাবী, পরিশ্রমী ও মানবিক চিকিৎসককে হারালাম। তাঁর মেধা, কর্মনিষ্ঠা এবং আন্তরিকতা আমাদের স্মৃতিতে চিরদিন অম্লান হয়ে থাকবে।”
ডা. অদিতি সাহার অকাল প্রয়াণে দেশের চিকিৎসক সমাজ গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।