চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে কয়েকজন ব্যক্তি মহাখালীতে অবস্থিত ডিবিসি কার্যালয় থেকে তাকে নিয়ে যাওয়া হয়।
ডিবিসি নিউজের চিফ রিপোর্টার আবু দাউদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এশিয়া পোস্টকে জানান, ঘটনা সত্য। তাকে ডিবি পুলিশ এসে অফিস থেকে নিয়ে গেছে। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু আমাদের জানা নেই। আমারা ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি।
একই সময় রাজীব ঘোষ নামের আরেক রিপোর্টারকে ওই কার্যালয় থেকে তার সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে।
ডিবি প্রধান শফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ওখানে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তাকে ডিবি হেফাজতে আনা হয়েছে। এখানে গ্রেপ্তার বা বা আটকের কিছু বলার নেই। এ বিষয়ে ডিএমপির মিডিয়া থেকে বিস্তারিত তথ্য জানানো হবে।