হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর কারণ হিসেবে নিউমোনিয়ার সঙ্গে সন্দেহজনক হামের কথা উল্লেখ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ঝন্টু সরকার জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুরই বয়স ১০ মাস।

তাদের একজন মেয়ে শিশু। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার নিলগাঁও এলাকায়। গত ৫ নভেম্বর বিকেল ৩টা ১৫ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার রাত ৯টায় ১৫ মিনিটে তার মৃত্যু হয়। অন্য শিশুটির বাড়ি কিশোরগঞ্জের বিলবলুয়া এলাকায়। গত ৮ নভেম্বর সকাল ১০টায় ৫০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
হাসপাতালের সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৭২ শিশু।

চলতি বছরের ১৭ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ৬ হাজার ১৮১ শিশু ভর্তি হয়েছে। এ সময়ে মারা গেছে ৮৭ শিশু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *