বাবার কাছে ৪ বছরের মাইমুনার প্রশ্ন, ‘মাকে ছাড়াই কি আমাকে থাকতে হবে’

তৃতীয় সন্তান জন্মের ছয় দিন পর ধুমধাম করে আকিকার আয়োজন করা হয়েছিল। সেই আকিকার অনুষ্ঠানে আসা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত সময় কেটেছে মেহেরুন নেসার (২৫)। পরদিনই জ্বর আসে তাঁর। এরপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। সন্তান জন্মের ১৩ দিন পর মারা যান মেহেরুন নেসা।

মেহেরুন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকার মেম্বার বাড়ির মনিরুল ইসলামের স্ত্রী। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার মৃত্যু হয় তাঁর। মনিরুল-মেহেরুন দম্পতির তিন সন্তানই মেয়ে। বড় দুই মেয়ের একজনের বয়স সাত বছর, অন্যজন চার পেরিয়েছে।

মায়ের মৃত্যুর পর থেকে তাঁর জন্য কান্না করেই দিন কাটছে বড় দুই মেয়ের। বড় মেয়ে মিফতাহুল জান্নাত চুপচাপ চোখের পানি ফেললেও প্রায়ই আহাজারি করছে দ্বিতীয় মেয়ে মাইমুনা জান্নাত। বারবার বাবাকে তার জিজ্ঞাসা, ‘মাকে ছাড়াই কি আমাকে থাকতে হবে।’

সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারছেন না বাবা মনিরুল ইসলাম। স্ত্রীর এমন মৃত্যুতে তিনিও ভেঙে পড়েছেন। মেহেরুনের কথা উঠলেই নীরবে চোখের পানি মুছছেন তিনি।

গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের ভেতরে বসে আছেন মনিরুল। দুই মেয়ে মিফতাহুল ও মাইমুনা উঠানে। ঘরে আত্মীয়স্বজনেরা আসা-যাওয়া করছেন। পথে মিফতাহুল ও মাইমুনার মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন তাঁরা।

মনিরুল জানান, তাঁর ছোট মেয়ে নুসাইবা জান্নাতের জন্ম হয় ২৫ অক্টোবর। ছয় দিন পর মেয়ের আকিকার আয়োজন করা হয়। পরদিন জ্বর আসে মেহেরুন নেসার। প্রথমে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়েছেন। তবু জ্বর কমছিল না। ১০৫ ডিগ্রি ফারেনহাইটে গিয়ে ঠেকে জ্বর। তখন চিকিৎসক ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেন।

ঘরের ভেতরে বসে আছেন মনিরুল। দুই মেয়ে মিফতাহুল ও মাইমুনা উঠানে। ঘরে আত্মীয়স্বজনেরা আসা-যাওয়া করছেন। পথে মিফতাহুল ও মাইমুনার মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন তাঁরা।

পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে মেহেরুন নেসার। তাঁকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন মেহেরুনকে। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে বৃহস্পতিবার বিকেলে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতেই লাইফ সাপোর্টে নেওয়া হয় মেহেরুন নেসাকে। পরদিন শুক্রবার তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

২০১৯ সালে মেহেরুন নেসার সঙ্গে তাঁর বিয়ে হয় বলে জানান মনিরুল। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার স্ত্রীর এমন মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আমার নুসাইবা তো মায়ের আদর কী, সেটিই বুঝল না। তিন শিশুকে নিয়ে আমি কীভাবে থাকব? আমার ছোট শিশুসন্তানটিকে কে দেখবে?’

মনিরুল ইসলাম বলেন, সাত বছর বয়সী মেয়েটি মা মারা যাওয়ার পর থেকে অনেকটা চুপচাপ হয়ে আছে। আর চার বছর বয়সী মেয়েটি সব সময় মাকে খুঁজছে। মনিরুলের ঘরেই ছিলেন মেহেরুন নেসার বাবা আবু তাহের। তিনি বলেন, ‘মনকে কোনোমতে সান্ত্বনা দিতে পারছি না। তিন নাতনির জন্য বুক ফেটে যাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *